
ধামরাই প্রতিনিধিঃমোঃ ওবাইদুল খান
যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে ঢাকার ধামরাইয়ে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী রাফি আল মামুন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার দেপাশাই বড়পাড়া খেলার মাঠে দেপাশাই বয়েজ ক্লাবের উদ্যোগে আয়োজিত এ ফাইনালে এক গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুজন লিটন ঢাকা একাদশ।
ফাইনালে ঢাকা একাদশের প্রতিপক্ষ ছিল মানিকগঞ্জের ফিউচার ফুটবল একাডেমি। দুই দলের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করতে মাঠে বিপুলসংখ্যক দর্শক ও ক্রীড়াপ্রেমীর সমাগম ঘটে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য প্রথম পুরস্কার হিসেবে একটি মোটরসাইকেল এবং রানার্সআপ দলের জন্য দ্বিতীয় পুরস্কার হিসেবে একটি ফ্রিজ প্রদান করা হয়।
ইতালি প্রবাসী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এসডিআই বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক।
এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান এবং রেজওয়ান আহমেদ চৌধুরী রবিন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মো. মনিরুজ্জামান মনির। এ ছাড়া উপস্থিত ছিলেন মো. আব্দুস সামাদ খান, ইঞ্জিনিয়ার এম শামীম রহমান, মো. ফরহাদ হোসাইন, মো. আবুল হোসেন, শহিদুল্লাহ, এএইচএম রতনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।
অনুষ্ঠানে দেপাশাই বয়েজ ক্লাবের সভাপতি ও মাইটিভির সিনিয়র সাংবাদিক আব্দুর রশিদ তুষার বলেন, “যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে হলে তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। তরুণদের মাঠমুখী করতে পারলে তারা মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। এ লক্ষ্যেই মাদকবিরোধী এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।”
তিনি আরও বলেন, নিয়মিত খেলাধুলার চর্চা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি এটি তরুণদের মধ্যে শৃঙ্খলাবোধ, পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে সহায়তা করে। মাদকমুক্ত সমাজ গঠনে ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
আয়োজকরা জানান, যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং সুস্থ বিনোদনের মাধ্যমে খেলাধুলায় সম্পৃক্ত করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তাঁদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে এবং সমাজে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে।
Leave a Reply