
ধামরাই প্রতিনিধি:মোঃ ওবাইদুল খান
ঢাকার ধামরাই বাজারে ভেজাল, অস্বাস্থ্যকর পরিবেশ ও ভোক্তা অধিকার সংক্রান্ত অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় একটি মিষ্টির দোকান, একটি হোটেল, দুটি মুদি দোকান ও দুটি ফলের দোকানসহ মোট ছয়টি প্রতিষ্ঠানে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) ধামরাই বাজারে এ অভিযান পরিচালনা করেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন। অভিযানে মতিপাল এন্ড সন্সের মালিক তন্ময় পালকে ৫০ হাজার টাকা, শিবচরণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং দুটি মুদি দোকানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দুটি ফলের দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ধামরাই বাজারের মতিপাল এন্ড সন্স মিষ্টির দোকান নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের অভিযোগ করে আসছিলেন ক্রেতাদের কেউ কেউ। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে অভিযোগ ও অসন্তোষ প্রকাশ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে খাদ্যপণ্যের মান, প্রস্তুত ও সংরক্ষণের পরিবেশ এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না—এসব বিষয় পরিদর্শন করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় অস্বাস্থ্যকর বা অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য তৈরি, প্রস্তুত কিংবা স্বাস্থ্যবিধি না মেনে খাদ্যসামগ্রী উৎপাদন বা পরিবেশনের মতো অপরাধের শাস্তির বিধান রয়েছে। ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল মামুন বলেন, “ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি করা হবে। আইন অমান্য করে কোনো ব্যবসায়ী অনিয়ম করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply