
ময়মনসিংহের ভালুকায় নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হামিদ কারীসহ ৬ জনকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার বগাজান গ্রামে সেনাবাহিনী তাদের গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম কাউসার জামান প্রত্যককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।
সাজাপ্রাপ্তরা হলেন- উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হামিদ কারী (৭৫), মেদুয়ারী ইউনিয়নের ঝাটিয়া গ্রামের ইব্রাহিমের ছেলে তানভীর আহম্মেদ (৪৬), বগাজান গ্রামের আবুল কাশেমের গোলাম রাব্বী (২৩), ওই গ্রামের আক্কাস আলীর ছেলে মেহদী হাসান (৪০), ওই গ্রামের হোসেন আলী ছেলে মো. মেহদী হাসান (৪০) ও গফরগাঁও উপজেলার যশোরা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে গোলাম শাহীদ (৫০)।
বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনার রাতে ওই এলাকার রায়দুল জান্নাত মাদ্রাসায় ধানের শীষের উঠান বৈঠক হওয়ার কথা ছিল। ঘটনার সময় সেনাবাহিনী একটি দল ওই মাদ্রাসার উঠান বৈঠকে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারকে মোবাইল ফোনে অবগত করেন। পরে ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম কাউসার জামান পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসাইন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন, ‘সোমাবার দিবাগত রাত ১২:৩০ টায় ভালুকা উপজেলার মেদুয়ারী ইউনিয়নের বগাজান নামক স্থানে জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ভঙ্গ করে ভোটারদের টাকা বিতরণের আলামতসহ বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম কর্তৃক ৭ জনকে আটক করেন। তৎক্ষণাৎ ভালুকা উপজেলায় নির্বাচনি আচরণ বিধিমালা প্রতিপালনে নিয়োজিত জেলা প্রশাসকের কার্যালয়, ময়মনসিংহ এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবিএম কাউসার জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। অপরাধের গুরুত্ব বিবেচনায় ৭ জনের মধ্যে ৬ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। অপ্রাপ্তবয়স্ক একজনকে মুচলেকা নিয়ে তার মায়ের উপস্থিতিতে ছেড়ে দেওয়া হয়।
Leave a Reply